গ্যাস সংকটের কারণে বাসায় রান্নার সুযোগ কমে যাওয়ায় অনেকেই এখন হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনছেন। এর মধ্যেই বহুল আলোচিত রেস্তোরাঁ সুলতানস ডাইনের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেছেন এক ক্রেতা।
অভিযোগকারী জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পরিবারের জন্য ছয়জনের কাচ্চি ও একটি মোরগ পোলাও কিনেছিলেন তিনি। গ্যাস সংকটের কারণে বাসায় রান্না না থাকায় সুলতানস ডাইন থেকে খাবার নেওয়া হয়।
বাসায় গিয়ে খাবার খাওয়ার সময় পোলাওয়ের মধ্যে একটি তেলাপোকা দেখতে পান তারা। বিষয়টি চোখে পড়ার পর খাবার না খেয়ে বাকি খাবার ফেলে দিতে বাধ্য হন বলে জানান ওই ভুক্তভোগী।
ঘটনার পর সুলতানস ডাইনের হটলাইনে ফোন করে অভিযোগ জানান ওই ক্রেতা। তবে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সন্তোষজনক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। হটলাইনের প্রতিনিধির কাছ থেকে দায়সারা জবাব পেয়ে ফোন শেষ করতে হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে এমন অভিযোগে রেস্তোরাঁটির খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অভিযোগের বিষয়ে সুলতানস ডাইনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





























