প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলছে। এর আওতায় মাত্র ১২ কার্যদিবসে ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে বিশেষ কার্যক্রম শুরুর পর ১২ কার্যদিবসে নিষ্পত্তি হওয়া পুরোনো ক্রিমিনাল মিস মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৩০টিতে। ক্রিমিনাল মিস মামলার পাশাপাশি পুরোনো রিট মামলাও নিষ্পত্তি করা হচ্ছে।
প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিন ধরে চলমান পুরোনো মামলাগুলো অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তির এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থার গতি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ কার্যক্রমের আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
এর আগে গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিশেষ কার্যক্রম শুরু করেন। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এ উদ্যোগ অব্যাহত থাকবে। এতে দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলার সংখ্যা কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ আরও বাড়বে।



























