মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আংগারপাড়ায় যুব সমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এ আয়োজনে স্থানীয় যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহুরুল ইসলাম আযমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক নুরনবী ইসলাম।
এ ছাড়া আলোচনায় অংশ নেন আবুল কালাম আজাদ, হাফেজ মো. মোমিনুর রহমান তাজ, তাওহিদ ইসলাম আফ্রিদি, মাওলানা মনিরুজ্জামান মনির, আখতারুল ইসলাম বাদশা, প্রভাষক নজরুল ইসলামসহ আরও অনেকে।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এলাকায় কেউ মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে বহিরাগত কেউ মাদক কেনা বা বিক্রির উদ্দেশ্যে এলাকায় এলে তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
আয়োজকরা জানান, সর্দারপাড়া, কসাইপাড়া, প্রেসিডেন্ট পাড়া ও শাহবাদি এলাকাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজ ও এলাকাবাসী নিজেদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।




























