আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন এই মডেল দুটিতে পরিবর্তনশীল অ্যাপারচার ক্যামেরা, শক্তিশালী এ২০ প্রো চিপ, উন্নত ব্যাটারি এবং আইওএস ২৭-এর সঙ্গে নতুন সিরি এআই যুক্ত করা হয়েছে।
নতুন আইফোনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর ক্যামেরায়। ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরায় প্রথমবারের মতো পরিবর্তনশীল অ্যাপারচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আলো ও দৃশ্যের গভীরতা অনুযায়ী অ্যাপারচার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে।
পারফরম্যান্সের দিক থেকে ফোন দুটিতে রয়েছে নতুন ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ প্রো চিপ। এতে আগের তুলনায় ৫০ শতাংশ বেশি মেমোরি ব্যান্ডউইথ এবং শক্তিশালী জিপিইউ রয়েছে, যা গ্রাফিকস কর্মক্ষমতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম।
ব্যাটারি সুবিধাতেও এনেছে বড় পরিবর্তন। ই-সিম-নির্ভর মডেলগুলোতে আইফোন ১৮ প্রোতে সর্বোচ্চ ৩৬ ঘণ্টা এবং প্রো ম্যাক্সে ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। মাত্র ১৫ মিনিটে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
আইওএস ২৭-এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন সিরি এআই, যা মেসেজ, ই-মেইল ও স্ক্রিনের বিষয়বস্তু বুঝে ব্যবহারকারীকে বিভিন্ন কাজে সহায়তা করবে। এছাড়া ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড এবং ওয়াই-ফাই ৭ সুবিধাও রয়েছে।
যুক্তরাষ্ট্রে আইফোন ১৮ প্রোর দাম শুরু ১,১৯৯ ডলার এবং প্রো ম্যাক্সের দাম ১,২৯৯ ডলার থেকে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। তবে প্রথম দফার তালিকায় বাংলাদেশ না থাকায় এখানকার আনুষ্ঠানিক মূল্য এখনো ঘোষণা করা হয়নি।
























