নরওয়ের রাজধানী ওসলো যাওয়ার পথে অল্পের জন্য রুশ ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান। মলদোভা থেকে উড্ডয়নের সময় বিমানটির কাছাকাছি এই বিপজ্জনক ঘটনা ঘটে।
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তীতে মলদোভা সরকারের একজন মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, জেলেনস্কির বিমান উড্ডয়নের ঠিক আগেই মলদোভার আকাশসীমায় একটি রুশ ড্রোন প্রবেশ করেছিল। যার ফলে নিরাপত্তার কারণে কিছু সময় আকাশসীমা বন্ধ রাখা হয়।
ড্রোনটি মলদোভার ভূখণ্ডে ভেঙে পড়ার পর বিমানটিকে নিরাপদে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে ওসলো সফরে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন জেলেনস্কি।
সেখানে ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ফ্রেয়া’ জোরদার ও যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি জানান, ইউরোপের আকাশ সুরক্ষিত রাখা সবার যৌথ দায়িত্ব।
এদিকে, একই দিনে ইউক্রেন-মলদোভা সীমান্ত এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

























