কুমিল্লার দাউদকান্দি থানায় দরজা ভেঙে কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্য পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানা কার্যালয়ের ভেতরেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের দাউদকান্দি থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়েছিল।
কিন্তু রাত ৯টার দিকে কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে এবং বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে বাইরে বেরিয়ে আসে। পরবর্তীতে তাদের মধ্য থেকে ১৭ জন সদস্য পালিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে দেখা যায়, থানার একটি কক্ষে ভাঙা প্লাস্টিকের চেয়ার এবং ভাঙাচোরা দরজা পড়ে আছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে দরজা ভেঙে পালিয়ে যাওয়ার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, থানায় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। কিছু সন্দেহভাজন কিশোরকে আটক করার পর তাদের পরিবারের সদস্যরা এসে থানায় ভিড় করেন।
এ সময় ভিড়ের সুযোগে কয়েকজন চলে গেছে জানিয়ে ওসি বলেন, পরে আমরা তাদের আবারও আটক করেছি। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



























