চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মাঠে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনদের বরণে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই সময়টা অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদেরই অংশগ্রহণ করতে হবে। নতুন বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে পরিবহন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
অধ্যক্ষের বক্তব্যের প্রেক্ষিতে প্রধান অতিথি তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এক সপ্তাহের মধ্যে একটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। তিনি আরও বলেন, কলেজের বাকি সমস্যাগুলো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। পরে তিনি নিজ হাতে রজনীগন্ধা ফুল ও কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া ও প্রভাষক খুরশীদ জাহান।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম, আবদুর রউফ এবং নবাগত শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

























