বৈশাখের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত দেশের অন্তত ১৯টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে।





























