খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পর্শি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শিশু-কিশোরদের জন্য একটি স্থায়ী খেলার মাঠের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, পর্শি ও গোয়ালপাড়া এলাকায় বর্তমানে কোনো খেলার মাঠ নেই। ফলে এলাকার শিক্ষার্থী, কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে।
তাদের দাবি, সুস্থ বিনোদন ও শরীরচর্চার সুযোগ না থাকায় অনেক তরুণ নেতিবাচক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা গেলে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকে দূরে রাখা সম্ভব হবে।
স্থানীয়রা জানান, এলাকায় বেশ কিছু সরকারি খাস জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব জমির একটি অংশ খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়া হলে এলাকার শিশু-কিশোররা উপকৃত হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও স্মরণ করিয়ে দেন যে, নির্বাচনের সময় স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু খাস জমি মাঠ হিসেবে ব্যবহারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তারা।
এলাকাবাসী পর্শি মৌজার সরকারি খাস জমি খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।





























