বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে রেটিং প্রকাশ করেছে গোল ডট কম, যেখানে ব্রাজিলের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার পেয়েছেন ৬/১০। ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও মরক্কোর গোলটি ঠেকানোর সুযোগ ছিল না তার। রক্ষণভাগে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স এসেছে রজার ইবানিয়েজের কাছ থেকে। প্রথমার্ধে একাধিক ভুলের কারণে তিনি পেয়েছেন মাত্র ৪/১০।
মারকিনিওস পেয়েছেন ৫/১০। লং পাসে সফল হলেও মরক্কোর গোলের সময় নিজের অবস্থান ঠিক রাখতে পারেননি। গ্যাব্রিয়েলও গোল হজমের ঘটনায় কিছুটা দায়ী ছিলেন, তবে পরে রক্ষণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স, ব্লক ও ট্যাকল করে ৬/১০ রেটিং অর্জন করেন।
বাম প্রান্তের ডিফেন্ডার ডগলাস সান্তোসের পারফরম্যান্সও ছিল মাঝারি মানের। বল পুনরুদ্ধার এবং ডুয়েল জেতার ক্ষেত্রে ভালো করলেও সামগ্রিকভাবে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল তার খেলায়। ফলে তার ঝুলিতে এসেছে ৫/১০।
মিডফিল্ডে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন কাসেমিরো। ম্যাচের গতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ এই অভিজ্ঞ মিডফিল্ডার বিরতির আগেই হলুদ কার্ড দেখেন এবং পরে তাকে তুলে নেন কোচ। তার রেটিং ৪/১০। অন্যদিকে ব্রুনো গিমারাইস ছিলেন অনেক বেশি কার্যকর। ভিনিসিয়ুসের গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি মাঠজুড়ে সক্রিয় থাকায় তিনি পেয়েছেন ৬/১০।
লুকাস পাকেতা প্রথমার্ধে তেমন প্রভাব ফেলতে না পারলেও শেষ দিকে কয়েকটি ভালো মুহূর্ত উপহার দিয়েছেন। গোলরক্ষকের দুর্দান্ত সেভ না হলে গোলও পেতে পারতেন। তার রেটিং ৫/১০। উইঙ্গার রাফিনিয়া প্রথমার্ধে কিছুটা এলোমেলো খেললেও দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে সুযোগ তৈরি করেছেন। ম্যাচে তিনটি সুযোগ সৃষ্টি করে তিনি পেয়েছেন ৬/১০।
স্ট্রাইকার ইগর থিয়াগোও ৬/১০ পেয়েছেন। বল ধরে রাখার ক্ষেত্রে ভালো করলেও একটি বড় সুযোগ নষ্ট করেছেন। পুরো ম্যাচে তাকে খুব বেশি চোখে পড়েনি। তবে ব্রাজিলের আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের প্রথম বড় সুযোগ থেকেই গোল করেন ভিনিসিয়ুস। এরপরও মরক্কোর রক্ষণকে ব্যস্ত রেখেছেন পুরো সময়। প্রতিপক্ষের বক্সে সবচেয়ে বেশি স্পর্শ করা খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। আরও এক বা দুটি গোল না পাওয়াটা ছিল তার দুর্ভাগ্য। তাই ম্যাচে সর্বোচ্চ ৮/১০ রেটিং পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
বদলি হিসেবে নামা দানিলো, ফাবিনিও ও মাথেউস কুনিয়া প্রত্যেকেই ৬/১০ পেয়েছেন। তারা দলে কিছুটা ভারসাম্য ও শক্তি যোগ করলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো প্রভাব রাখতে পারেননি। অন্যদিকে লুইজ এনরিকে মাত্র ৫/১০ পেয়েছেন। প্রায় ৩০ মিনিট খেলেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন তিনি।
কোচ কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ অভিষেকও খুব একটা স্মরণীয় হয়নি। মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র অবশ্য খারাপ ফল নয়, তবে ব্রাজিলের সামর্থ্য বিবেচনায় আরও ভালো কিছু প্রত্যাশা ছিল। সে কারণে গোল ডট কম ইতালিয়ান এই কোচকে দিয়েছে ৫/১০ রেটিং।
























