টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন গর্বের গল্প লিখেছে। উথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এই সাফল্যের ফলে জুনে ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে দলটি।
ভারতের হিমাচল প্রদেশের শিমলা শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩–১ সেটে হারায়। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সমান পয়েন্ট পেলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশের তরুণরা।
ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। পরে ঘুরে দাঁড়িয়ে নাফিস ইকবাল ও জয় ইসলাম টানা দুটি ম্যাচ জিতে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে অধিনায়ক নাফিস ইকবাল আবারও জিতে বাংলাদেশের স্বর্ণজয় নিশ্চিত করেন।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম মাকসুদ আহমেদ সনেট জানান, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা আরও বাড়ছে।






























