চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পূর্ব কানাইমাদারী এলাকার মো. সোলায়মান (৩১), দোহাজারী পৌরসভার উল্লাপাড়ার মো. সজীব ইসলাম (৩৪) এবং মধ্যম হাশিমপুর এলাকার লিটন চন্দ্র দে (৩৮)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মো. সোলায়মানকে ৫০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মামলার নম্বর ১৪৮/২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মো. সজীব ইসলামকে ১০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মামলার নম্বর ১৭৪/২৬। লিটন চন্দ্র দেকে ৫০০ টাকা অর্থদণ্ড ও চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মামলার নম্বর ১৪৬/২৬।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত তিনজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।