চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক-নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলা নং-১৭৭/২৬ এ অভিযুক্ত মোঃ রিপন (৩৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত রিপন চন্দনাইশ উপজেলার রৌশন হাট এলাকার ৫নং ওয়ার্ডের আব্দুল আলমের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।