চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের পেঁপে ও কলা বাগান থেকে ফসল চুরির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় পুরো বাগান মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মো. আবু সৈয়দ প্রকাশ আবু (৫২)। তিনি পূর্ব চন্দনাইশ, চৌধুরী পাড়া, ২নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মধ্যম চন্দনাইশ ৭নং ওয়ার্ড পৌর এলাকায় জাহেদ ড্রাইভারের বাড়ির সামনে রাস্তার পূর্ব পাশে প্রায় ২০ শতক নাল জমি তিনি খাজনায় লাগিয়ত নিয়ে পেঁপে, কলাসহ বিভিন্ন সবজির বাগান করেছেন।

বিবাদীরা হলেন, একই এলাকার পারভেজ (২৭), পিতা- মৃত আবদুল রশিদ প্রকাশ বুদা, মো. আসিফ (২৩), পিতা- মো. নাছির ও মো. জিহান (২৮), পিতা- আবদুল মালেক প্রকাশ ঘটক মালেক। অভিযোগে বলা হয়, বিবাদীরা উচ্ছৃঙ্খল, মাদকসেবী ও বখাটে প্রকৃতির যুবক। তারা এলাকায় মাদক সেবনসহ চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়।
সর্বশেষ গত ২৫/১০/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় বিবাদীরা তার উক্ত বাগান থেকে বড় আকারের তিনটি সাগর কলার ছড়ি এবং কাঁচা-পাকা প্রায় ১ মন পেঁপে, যার মূল্য অনুমান ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় স্থানীয় মো. সেলিম ও তার ছেলেসহ পথচারীরা দেখে বাদীকে বিষয়টি জানায়।
বাদী এ ব্যাপারে বিবাদীদের জিজ্ঞাসা করলে তারা তার সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে এবং বেশি বাড়াবাড়ি করলে তার পুরো পেঁপে ও কলা বাগান ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে মর্মে প্রকাশ্যে হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন