চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে বিজ্ঞ আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৌদি প্রবাসীর বৈধ খরিদকৃত জমি রাতের আঁধারে জবরদখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী দখলবাজ চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী সৌদি প্রবাসী মো. সেলিম উদ্দীন ও মোহাম্মদ ইউছুপ আলী পক্ষে তাঁর বড় ভাই মো. বদিউল আলম (৫৫) জানান, কাঞ্চননগর মৌজার বি.এস খতিয়ান নং-১১৮৬, দাগ নং-৩৩৬৫ এর ১৪ শতক নাল জমি তারা বৈধভাবে রেজিস্ট্রি কবলা মূলে (নং-১৮৩৩, তাং ১২/০৬/২০২৪) ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। প্রবাসে থাকার সুযোগে একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে জমিটি জবরদখলের পাঁয়তারা করে আসছে।

চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি দখলচেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগসংক্রান্ত লিখিত অভিযোগের কপি

গত ২২ অক্টোবর রাত ১১টার দিকে বিবাদী প্রভাত শীল (৬৫) ও মো. আলম (৩৫) এর নেতৃত্বে অজ্ঞাত ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র কিরিচ, খুন্তি, লাঠি-সোটা নিয়ে ডাম্পট্রাক যোগে জোরপূর্বক মাটি ভরাট শুরু করে। খবর পেয়ে নিরীহ প্রবাসীর বড় ভাই মো. বদিউল আলম (৫৫), নুরুল ইসলাম ও ভাতিজা বাধা দিতে গেলে তাদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নীলাফুলা জখম করা হয়। এ সময় তাদের ১টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রাণে মেরে জমিতেই পুঁতে ফেলার প্রকাশ্যে হুমকি দেয় সন্ত্রাসীরা।

ভুক্তভোগী আরও জানান, জমি নিয়ে মামলা নং-৮৫১/২০২৬ দায়ের হলে বিজ্ঞ আদালত গত ৮ অক্টোবর ১৪৫ ধারা জারি করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। চন্দনাইশ থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিলেও আইনকে তোয়াক্কা না করে বিবাদীরা জোরপূর্বক দখলযজ্ঞ চালাচ্ছে।

এ ঘটনায় অসহায় প্রবাসী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে ভূমিদস্যুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও জমির বৈধ মালিকানা ফিরে পেতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।