চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে পৈতৃক জমিতে স্থাপিত মালিকানা সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চন্দনাইশে জমির মালিকানা সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ


বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর হাশিমপুর ছৈয়াদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযোগকারী আকলিমা আক্তার চৌধুরী (৩১) জানান, হাশিমপুর মৌজায় তার প্রয়াত পিতা মোহাম্মদ মুছা চৌধুরীর নামে বিএস জরিপে ১৪.৬০ শতক জমি রয়েছে। যা তারা ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছেন। একই এলাকার খতিজা বেগম (৩৩) দীর্ঘদিন ধরে জায়গাটি জবরদখলের চেষ্টা করছেন।

ভাঙচুরের শিকার মালিকানা সাইনবোর্ড।
ভাঙচুরের শিকার মালিকানা সাইনবোর্ড।

ঘটনার দিন তিনি জোরপূর্বক তাদের মালিকানার সাইনবোর্ড উপড়ে ভাঙচুর করে নিয়ে যান এবং পুনরায় সাইনবোর্ড লাগালে ভেঙে ফেলা ও জমিতে গেলে মারধরসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ সময় একই খতিয়ানের অপর ওয়ারিশ মোহাম্মদ নুরুল আবছার গং-এর সাইনবোর্ডও ভাঙচুর করা হয়।

চন্দনাইশে ভাঙচুরের শিকার পৈতৃক জমির মালিকানা সাইনবোর্ড
অভিযোগ করেছেন আকলিমা আক্তার চৌধুরী

এ ঘটনায় ভুক্তভোগী আকলিমা আক্তার চৌধুরী নিরাপত্তা চেয়ে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করে সরকার, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।

এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।