চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীদের জন্য সুখবর দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনের মাঠে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, সারা বাংলাদেশসহ দেশের বাইরে বিভিন্ন ইউনিট কমিটি মিলিয়ে বর্তমানে যুবদলের মোট ৮২টি ইউনিট কমিটি রয়েছে। ঢাকার পর চট্টগ্রাম মহানগর যুবদলকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। তবে কমিটি বিলুপ্ত হওয়ার পরও সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোনায়েম মুন্না জানান, গত ২৫ আগস্ট বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহাল করা হয়েছে। এর মাধ্যমে মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুন করে গতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কর্মিসভায় চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে মোনায়েম মুন্না বলেন, দ্রুত সময়ের মধ্যে মহানগর যুবদলের অধীন ১৫টি থানা এবং ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটি দেওয়া হবে। এতে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’—এই ভাবনা হৃদয়ে ধারণ করে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মোনায়েম মুন্না যুবদলকে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতো প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও দলের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে কর্মিসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।
কর্মিসভায় চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনে থানা ও সাংগঠনিক ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
মহানগর যুবদলের নেতারা আশা করছেন, ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে চট্টগ্রাম নগরের তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ আরও বাড়বে।


























