রাজধানীর কলাবাগানে সিটি করপোরেশনের নির্মিত ফুটপাত ক্ষতিগ্রস্ত করার অভিযোগে একটি রেস্টুরেন্টকে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত পাঁচ কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধ করে প্রমাণপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডের ৬৭ নম্বর কলাবাগানে অবস্থিত ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’-এর সামনে নির্মিত ফুটপাত প্রশাসকের পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। পরে প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে এবং বিষয়টি যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণ ধার্য করে।
প্রকৌশল বিভাগের মূল্যায়নে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ফুটপাতের দৈর্ঘ্য ১৩ দশমিক ৭২ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৬৬ মিটার। মোট ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৫০ দশমিক ২২ বর্গমিটার। নির্ধারিত হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের মূল অঙ্ক ছিল ২ লাখ ১৮ হাজার ৭৯৫ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করে মোট জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা।
ডিএসসিসি জানিয়েছে, রেস্টুরেন্টটির কার্যক্রমের কারণে ফুটপাতের সিসি টাইলস ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। সংস্থার মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘সড়ক খনন নীতিমালা-২০১৯’-এর পরিপন্থী এবং জনস্বার্থের বিরোধী। তাই নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই এলাকায় গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার ও ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক ভবনের সামনে নির্মিত র্যাম্প, গেটওয়ে ও প্লান্টারের অনুমোদন রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছেও ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে ডিএসসিসি। এ জন্য তাদেরও পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
ডিএসসিসির ভাষ্য, ফুটপাত, সড়ক ও ড্রেনসহ নগরের সব অবকাঠামো জনগণের সম্পদ। এসব স্থাপনার ক্ষতি করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো অননুমোদিত কার্যক্রম বরদাশত করা হবে না। নগরের অবকাঠামো সুরক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



























