এসএসসি ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
বোর্ডভিত্তিক হিসাবে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এসএসসি ফল দেখবেন যেভাবে: ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে চাপ বেশি থাকলে কিছুটা সময় অপেক্ষা করে আবার চেষ্টা করলেই ফল পাওয়া যাবে।
মোবাইল এসএমএসেও সহজেই এসএসসি ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026। এরপর মেসেজটি ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন, ঢাকা বোর্ডের ১২৩৪৫৬ রোলের জন্য লিখতে হবে: SSC DHA 123456 2026।
ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে। তাই ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সঠিক তথ্য দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।




























