প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। সফরকালে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ কয়েকজন। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন।

প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরে আলোচনার নির্দিষ্ট বিষয় এবং সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।