ফিফা বিশ্বকাপে ৪৮ দলের প্রথম ম্যাচ পর্ব শেষ হয়েছে। সব দল একটি করে ম্যাচ খেলায় এখন গ্রুপগুলোর চিত্র অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে। যদিও প্রতিটি দলের সামনে এখনো দুটি ম্যাচ বাকি, তবুও বেশ কয়েকটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড়ে নিজেদের এগিয়ে রেখেছে।
বিশেষ করে যেসব গ্রুপে একটি দল পরিষ্কারভাবে জয় পেয়েছে, তারা এখন মানসিকভাবে বাড়তি সুবিধায় রয়েছে। আবার যেসব গ্রুপে সব দল সমান পয়েন্ট নিয়ে আছে, সেখানে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। দ্বিতীয় ম্যাচগুলো তাই অনেক দলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।
প্রথম ম্যাচ শেষে গ্রুপভিত্তিক অবস্থান
‘এ’ গ্রুপে
স্বাগতিক মেক্সিকো দারুণ সূচনা করেছে। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে তারা শীর্ষে রয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
‘বি’ গ্রুপে
এখনো কোনো দল বাড়তি সুবিধা নিতে পারেনি। সুইজারল্যান্ড-কাতার এবং কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়েছে। চার দলই সমান ১ পয়েন্ট নিয়ে আছে।
‘সি’ গ্রুপে
স্কটল্যান্ড হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে। মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করেছে। ফেয়ার প্লের নিয়মে মরক্কো দ্বিতীয় স্থানে রয়েছে।
‘ডি’ গ্রুপে
সবচেয়ে দাপুটে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তারা শীর্ষে উঠে এসেছে। অস্ট্রেলিয়াও তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
‘ই’ গ্রুপে
গোল উৎসব করেছে জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। আইভরিকোস্ট ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে আছে।
‘এফ’ গ্রুপে
তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে সুইডেন। অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করেছে। ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় জাপান দ্বিতীয় স্থানে রয়েছে।

‘জি’ গ্রুপের
চার দলই এখন সমান অবস্থানে আছে। নিউজিল্যান্ড-ইরান এবং বেলজিয়াম-মিসর ম্যাচ দুটি ২-২ গোলে ড্র হয়েছে। ফেয়ার প্লেতে নিউজিল্যান্ড শীর্ষে এবং ইরান দ্বিতীয় স্থানে রয়েছে।
‘এইচ’ গ্রুপে
বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে তারা। উরুগুয়ে ও সৌদি আরব ১-১ গোলে ড্র করায় তারাই শীর্ষ দুই স্থানে আছে।
‘আই’ গ্রুপে
দুর্দান্ত শুরু করেছে নরওয়ে ও ফ্রান্স। ইরাককে ৪-১ গোলে হারিয়ে নরওয়ে শীর্ষে আছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স দ্বিতীয় স্থানে রয়েছে।
‘জে’ গ্রুপে
শিরোপাধারী আর্জেন্টিনা শক্ত অবস্থান নিয়েছে। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া।
‘কে’ গ্রুপে
কলম্বিয়া সফলভাবে নিজেদের অভিযান শুরু করেছে। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে তারা শীর্ষে উঠে এসেছে। পর্তুগাল ও ডিআর কঙ্গো ড্র করলেও ফেয়ার প্লেতে এগিয়ে ডিআর কঙ্গো দ্বিতীয় স্থানে আছে।
‘এল’ গ্রুপে
সবচেয়ে বেশি গোল দেখা গেছে ইংল্যান্ডের ম্যাচে। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। ঘানা পানামাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রথম ম্যাচ শেষে কিছু দল স্পষ্টভাবে এগিয়ে থাকলেও এখনই কোনো দলের জন্য স্বস্তির সুযোগ নেই। কারণ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কারা জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ বত্রিশে।























