শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও নৈতিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে, তাই তাদের সঠিকভাবে প্রস্তুত করা প্রয়োজন।
শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিনামূল্যে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে তারাই ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক খাতেও সহযোগিতা বাড়ছে। চীনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























