রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘুষ নিয়ে রোগীদের সিরিয়াল ভেঙে ‘ভিআইপি সুবিধা’ পাইয়ে দেওয়ার অভিযোগে এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার (২১ জুলাই) বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আনসার সদস্য এপিসি মো. বাহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাহিনীর তথ্যমতে, গত ১৮ জুলাই শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টহল ডিউটিতে থাকা অবস্থায় এক রোগীর স্বজন পরীক্ষার ফি জমা দেওয়ার সহযোগিতা চান। মানবিক কারণে তিনি রোগীর কাগজপত্র নিয়ে হাসপাতালের ক্যাশ কাউন্টারে ফি জমা দেন এবং রসিদ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেন।
পরে রোগীর স্বজনের অনুরোধে তিনি সিরিয়াল দ্রুত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কাউন্টারে কথা বলেন। এ সময় রোগীর স্বজন স্বতঃপ্রণোদিত হয়ে তাকে ১০০ টাকা দিলে তিনি তা গ্রহণ করেন। দায়িত্ব পালনরত অবস্থায় এ ধরনের অর্থ গ্রহণ বাহিনীর নীতিমালা ও পেশাগত আচরণবিধির পরিপন্থী বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বাহিনী আরও জানিয়েছে, দুর্নীতি, উৎকোচ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার কিংবা জনগণের আস্থা ক্ষুণ্ন করে—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়।


























