এসএসসির ফল প্রকাশের দিন একজন শিক্ষার্থীর জীবনে আনন্দ, উত্তেজনা, ভয় কিংবা হতাশা—সব ধরনের অনুভূতি একসঙ্গে কাজ করতে পারে। ফল প্রত্যাশামতো হলে যেমন আনন্দ আসে, তেমনি কাঙ্ক্ষিত ফল না এলে অনেক শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় পড়ে যায়। আর এই সময়ে মা-বাবার আচরণ সন্তানের মানসিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এসএসসির ফল কোনো শিক্ষার্থীর পুরো জীবন বা মেধার চূড়ান্ত পরিচয় নয়। তাই ফল প্রকাশের পর সন্তানকে সামলাতে গিয়ে অভিভাবকদের কিছু বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত চাপ, তুলনা কিংবা কটু কথা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। বরং এমন সময়ে সন্তানের পাশে দাঁড়িয়ে তাকে পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রস্তুত করাই গুরুত্বপূর্ণ।
ফল দেখেই রাগ বা বকাঝকা করবেন না
এসএসসির ফল হাতে পাওয়ার পর প্রত্যাশার সঙ্গে মিল না থাকলে অনেক অভিভাবক তাৎক্ষণিকভাবে রেগে যান। কেন এমন ফল হলো, কোথায় ভুল হয়েছে—এসব প্রশ্ন একের পর এক করতে থাকেন। কেউ কেউ বকাঝকা বা কটু কথাও বলেন।
কিন্তু ফল প্রকাশের মুহূর্তে শিক্ষার্থী নিজেই মানসিক চাপে থাকতে পারে। তখন রাগ বা দোষারোপ তার হতাশা আরও বাড়িয়ে দিতে পারে। তাই ফলাফল দেখার পর প্রথম কাজ হওয়া উচিত শান্ত থাকা এবং সন্তানের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা।
একটি খারাপ ফলাফল সঙ্গে সঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু সন্তানের আত্মবিশ্বাস যেন আরও নষ্ট না হয়, সেটি অভিভাবকের আচরণের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।
অন্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করবেন না
‘ওই ছেলে জিপিএ-৫ পেয়েছে, তুমি কেন পারলে না?’—এ ধরনের কথা আমাদের সমাজে খুব পরিচিত হলেও সন্তানের জন্য তা অত্যন্ত কষ্টদায়ক হতে পারে।
অন্যের ফলাফলের সঙ্গে তুলনা করলে শিক্ষার্থী নিজের পরিশ্রমকেও মূল্যহীন মনে করতে শুরু করতে পারে। এতে আত্মবিশ্বাস কমে গিয়ে হীনম্মন্যতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
তাই অন্যের ফলাফল নয়, নিজের সন্তানের অগ্রগতির দিকে নজর দিন। সে কোথায় ভালো করেছে এবং পরবর্তী ধাপে কোথায় উন্নতি করা সম্ভব—এসব নিয়ে ইতিবাচকভাবে আলোচনা করুন।
তোকে দিয়ে কিছু হবে না’ ধরনের কথা বলবেন না
রাগ বা হতাশার মুহূর্তে বলা একটি কথা সন্তানের মনে দীর্ঘদিন থেকে যেতে পারে। ‘তোকে দিয়ে কিছু হবে না’, ‘তুই আমাদের মুখ দেখালি না’ কিংবা ‘তুই ব্যর্থ’—এ ধরনের মন্তব্য শিক্ষার্থীর আত্মসম্মানে গভীর আঘাত করতে পারে।
একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের সম্পূর্ণ সামর্থ্য নির্ধারণ করে না। তাই নেতিবাচক মন্তব্যের বদলে সন্তানকে বোঝানো দরকার যে একটি ফলাফল খারাপ হওয়া মানেই জীবনে সফল হওয়ার সব সুযোগ শেষ হয়ে যাওয়া নয়।
বরং তাকে বলা যেতে পারে, কোথায় সমস্যা হয়েছে তা বোঝার চেষ্টা করা হবে এবং পরবর্তী ধাপে আরও ভালো করার সুযোগ রয়েছে।
সন্তানকে একা সিদ্ধান্ত নিতে ছেড়ে দেবেন না
এসএসসির ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীকে নতুন করে সিদ্ধান্ত নিতে হয়। কোন কলেজে ভর্তি হবে, কোন বিভাগ বেছে নেবে কিংবা ভবিষ্যতে কী করতে চায়—এসব নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা তৈরি হয়।
প্রত্যাশিত ফল না হলে এই দ্বিধা আরও বাড়তে পারে। তাই সন্তানকে একা রেখে না দিয়ে তার সঙ্গে বসে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আলোচনা করুন।
সন্তানের নিজের পছন্দ ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে প্রয়োজন হলে শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। এতে শিক্ষার্থী বুঝতে পারবে, একটি ফলাফল তার ভবিষ্যতের সব দরজা বন্ধ করে দেয়নি।
আনন্দের সব পথ বন্ধ করে দেবেন না
খারাপ ফলাফলের পর অনেক অভিভাবক সন্তানের মোবাইল কেড়ে নেন, বন্ধুদের সঙ্গে দেখা করা বন্ধ করে দেন কিংবা সব ধরনের বিনোদন নিষিদ্ধ করেন। শাসনের উদ্দেশ্য ভালো হলেও ফল প্রকাশের পরপরই এমন কঠোরতা সন্তানের একাকিত্ব আরও বাড়িয়ে দিতে পারে।
কিছুটা সময় তাকে স্বাভাবিক হওয়ার সুযোগ দিন। পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কথা বলা কিংবা পছন্দের কোনো স্বাস্থ্যকর কাজে যুক্ত থাকার সুযোগ দেওয়া যেতে পারে।
ফলাফল নিয়ে আলোচনা অবশ্যই প্রয়োজন, তবে সেই আলোচনার সঙ্গে ভালোবাসা ও পারিবারিক সমর্থনও থাকা জরুরি।
এসএসসির ফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি পুরো জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেউ কাঙ্ক্ষিত ফল পেতে পারে, কেউ হয়তো প্রত্যাশা অনুযায়ী ফল নাও পেতে পারে। কিন্তু প্রতিটি শিক্ষার্থীর সামনে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে।
তাই ফল প্রকাশের দিন মা-বাবার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া। রাগ, তুলনা কিংবা অপমানের বদলে প্রয়োজন সহানুভূতি, ধৈর্য এবং বাস্তবসম্মত পরামর্শ।
আজকের একটি ফলাফল হয়তো সন্তানের প্রত্যাশা পূরণ করেনি। কিন্তু পরিবারের ভালোবাসা, বিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনা তাকে আগামী দিনের জন্য আবারও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। মনে রাখতে হবে, পরীক্ষার ফল জীবনের একটি অধ্যায়—পুরো গল্প নয়।




























