প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে এবং শিশুদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশের নিয়মিত খোঁজ রাখতে ‘প্যারেন্ট সার্কেল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট ইন প্রাইমারি এডুকেশন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা শুধু বিদ্যালয় ও শিক্ষকের দায়িত্ব নয়। একটি শিশুর শিক্ষা জীবনের ভিত শক্ত করতে পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ কারণে অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে ‘প্যারেন্ট সার্কেল’ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এর মাধ্যমে অভিভাবকরা শিশুদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশের বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যালয়কে কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে ‘বন্ধু রেজিস্টার’ কার্যক্রমও শুরু করা হয়েছে। স্থানীয় পর্যায়ে যারা প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী, তাদের সংগঠিত প্ল্যাটফর্মের আওতায় এনে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।
তিনি বলেন, একটি শিশুর ভালো শিক্ষা নিশ্চিত করতে শুধু ভালো শিক্ষকই যথেষ্ট নয়। প্রয়োজন সহযোগিতাপূর্ণ পরিবার, সচেতন কমিউনিটি ও দায়িত্বশীল বিদ্যালয় ব্যবস্থাপনা। প্রাথমিক শিক্ষায় এই তিনটি স্তরের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে চায় সরকার।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা সরকারের উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।





























