বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে আবেগঘন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তারেক রহমানকে সতর্ক করার কথা জানিয়ে তিনি বলেছেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে তার প্রতি তার একটি আলাদা টান রয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত স্মৃতি ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অলি আহমদ।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক তার বড় মেয়ের সঙ্গে পড়াশোনা করেছেন। এ কারণে তাকে তিনি নিজের সন্তানের মতোই দেখেন। তাই তার বিরুদ্ধে কথা বলতে চান না। তবে কোনো ভুল সিদ্ধান্তের বিষয়ে তাকে সতর্ক করেছেন বলেও জানান তিনি।
অলি আহমদ বলেন, তারেক রহমানের প্রতি তার হৃদয়ে একটি টান রয়েছে। সেই কারণেই তাকে প্রয়োজনীয় বিষয়ে সতর্ক করার চেষ্টা করেছেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরের সময়ের স্মৃতিও তুলে ধরেন অলি আহমদ। তিনি জানান, জিয়াউর রহমানের জানাজা ও দাফন পর্যন্ত তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে তিনি নিজের কাছে আগলে রেখেছিলেন।
দাফন শেষে দুই সন্তানকে তাদের মা খালেদা জিয়ার কাছে তুলে দেওয়ার কথাও স্মরণ করেন তিনি। ছোটবেলা থেকেই তাদের কাছ থেকে দেখার কারণে তাদের প্রতি তার ব্যক্তিগত ও মানবিক টান তৈরি হয়েছে বলে জানান অলি আহমদ।
সাক্ষাৎকারে তৎকালীন এরশাদ সরকারের সময়কার রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন এলডিপি সভাপতি। তিনি দাবি করেন, ওই সময়ে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের তার বাসায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল। তবে তাকে আটকানোর সাহস কেউ দেখায়নি বলে মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক ও শাসনব্যবস্থা প্রসঙ্গে অলি আহমদ নিয়মতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারেক রহমান যেন সফলভাবে দেশ পরিচালনা করেন এবং নিয়ম মেনে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যান, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।




























