মালয়েশিয়ায় ভিসাবিহীন বাংলাদেশি যারা অবস্থান করছেন, তাদের নির্ধারিত কর্মসূচির মাধ্যমে দেশে ফেরার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া সরকারের ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২’ বা ‘বিআরএম ২.০’-এর আওতায় নথিবিহীন বিদেশিদের আইনসম্মত ও নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম। তিনি জানান, কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় থাকা অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিক ও কর্মীরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রথমে বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যাদের পাসপোর্ট নেই অথবা মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) নিতে পারবেন। এরপর দেশে ফেরার জন্য বৈধ ও নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, বিমানের যাত্রার তারিখ ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের অন্তত পাঁচ দিন পর এবং ১৪ দিনের মধ্যে হতে হবে।
আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। আবেদন করার সময় মূল পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি, সংশ্লিষ্ট ইমিগ্রেশন পাসের কপি, প্রযোজ্য ক্ষেত্রে পুরোনো ও নতুন পাসপোর্ট এবং বাংলাদেশে ফেরার নিশ্চিত বিমান টিকিট সঙ্গে রাখতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে। তবে আবেদন করার আগে সর্বশেষ ফি, শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে তথ্য নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
তরিকুল ইসলাম সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় ভিসাবিহীন বাংলাদেশিদের বিআরএম ২.০ কর্মসূচিতে আবেদন করতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে আইনসম্মতভাবে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।



























