আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পরিস্থিতি আরও ভালো করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খুন, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবের পর পুলিশের মধ্যে যে দুর্বলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বাহিনীকে আবার পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার কাজ চলছে। জনগণের সহযোগিতা পাওয়া গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আরও স্পষ্ট হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারির আওতায় আনার উদ্যোগের কথাও জানান।
বিডিআর সদস্যদের পুনর্বহাল নিয়েও সংসদে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই।
মাদকবিরোধী অভিযানের তথ্যও সংসদে তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা হয়েছে এবং ১৮ হাজার ৮৫৮ জনকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে নদীভাঙনে প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হওয়ার তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার এবং বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ বলে সংসদে জানানো হয়। প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন বলেও তিনি জানান।




























