চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্য মিঠানালা আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানী দেবকে অশ্রুসিক্ত নয়নে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান চৌধুরী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি দিল আফরোজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মাহাবুবুল হক, অভিভাবক সদস্য মর্জিনা আক্তার ও দেলোয়ার হোসেন। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
জানা যায়, বিদায়ী প্রধান শিক্ষিকা দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখেছেন। এর মধ্যে গত ৬ বছর তিনি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তার সুন্দর ব্যবহার এবং পাঠদানসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার আন্তরিকতা সবার কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
তার এই দীর্ঘ ও সফল কর্মজীবনের অবসানে বিদায় বেলায় উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষিকাকে শেষ বিদায় জানাতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।



























