সৌদি প্রো লিগে আল-খুলুদের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে ক্রিস্তিয়ানো রোনালদো হ্যাটট্রিক করলেও ম্যাচের প্রকৃত নায়ক জোয়াও ফেলিক্স বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোলকিপার মোহামেদ আল-দেয়াইয়া। তাঁর দাবি, রোনালদো মূলত সতীর্থদের তৈরি করে দেওয়া সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। অন্যদিকে ফেলিক্সের সামগ্রিক পারফরম্যান্সই আল-নাসরের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
গতকাল রাতে আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল-নাসর ও আল-খুলুদের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ম্যাচে আল-নাসরের হয়ে দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন রোনালদো। অন্যদিকে পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স চারটি গোলে সহায়তা করে দলের আক্রমণভাগকে কার্যকর করে তোলেন। দুই তারকার অসাধারণ পারফরম্যান্সেই শেষ পর্যন্ত বড় জয় পায় আল-নাসর।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল আল-নাসর। ১৬তম মিনিটে জুলিয়েন দোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল-খুলুদ। এরপর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। পরে সাদিও মানের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে অঁতোয়ান এ সোমবার গোল ম্যাচে আবারও সমতা ফিরিয়ে আনে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আল-নাসর। ৬৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। মাত্র নয় মিনিট পর ৮১তম মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।
রোনালদোর এই হ্যাটট্রিক তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ৬৭তম। ২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটি তাঁর সপ্তম হ্যাটট্রিক। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগাল জাতীয় দলের হয়ে ১০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি এবং ইউভেন্তুসের হয়ে তিনটি হ্যাটট্রিক করেছিলেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন রোনালদো। তিনি লেখেন, ‘দারুণ এক জয়, দলের দুর্দান্ত পারফরম্যান্স! হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে আনন্দিত!’ দলের জয়ে অবদান রাখতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
তবে রোনালদোর হ্যাটট্রিকের চেয়েও জোয়াও ফেলিক্সের পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়েছেন আল-দেয়াইয়া। টেলিভিশন অনুষ্ঠান ‘দাওরিনা গাইরে’-তে তিনি বলেন, ফেলিক্স শুধু আল-নাসরের জন্য নয়, পুরো সৌদি লিগের জন্যই বড় সম্পদ। তাঁর মতে, পর্তুগাল জাতীয় দলের এই ফুটবলারের মধ্যে একজন শীর্ষমানের খেলোয়াড়ের সব গুণ রয়েছে। আক্রমণের বিভিন্ন পজিশনে খেলার সক্ষমতাও তাঁকে দলের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে।
রোনালদোর প্রতি সম্মান রেখেই আল-দেয়াইয়া বলেন, দলের প্রাণ মূলত ফেলিক্স। তাঁর মন্তব্য, রোনালদো বেশির ভাগ সময় উইঙ্গারদের তৈরি করে দেওয়া সহজ সুযোগ থেকেই গোল করেন। সাবেক এই গোলকিপারের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে দুই পর্তুগিজ তারকার পারফরম্যান্সের তুলনা।
এই জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আল-নাসর। শীর্ষে থাকা দলের ওপর চাপ বজায় রাখার পাশাপাশি শিরোপার দৌড়েও নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। আগামী ম্যাচগুলোতেও রোনালদো ও ফেলিক্সের কাছ থেকে এমন পারফরম্যান্স প্রত্যাশা করবে দলটির সমর্থকেরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন