ইরাক ও জর্ডানে ইরানের ধারাবাহিক হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপ ফাইনাল দেখে ওয়াশিংটনে ফেরার পর ইরানে পাল্টা হামলার ঘোষণা দিয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নতুন করে ইরাকের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় আরও একজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।
এর আগের দিন জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত এবং একজন নিখোঁজ হন। নিহত মহান দেশপ্রেমিক সেনাসদস্যদের সম্মানে রোববার রাতে ইরানে অত্যন্ত কঠোর পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, নিহত সেনাসদস্যরা লড়াই করছিলেন যেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরাকে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার পর অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হয়ে এই প্রাণহানি ঘটে। অন্যদিকে জর্ডানের দুর্ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয়ের মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে পরিচয় নিশ্চিতের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এই পাল্টা-পাল্টি হামলার জেরে টানা নবম রাতের মতো ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেন্টকম। এদিকে নতুন করে সহিংসতায় সোমবার ভোররাতেও কেঁপে উঠেছে সিরিয়া, কুয়েত ও বাহরাইনসহ সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল। কুয়েত তাদের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার পাশাপাশি বাহরাইনে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে।



























