যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বাসিন্দা অরিন অ্যাসমাস ৯৩ বছর বয়সেও নিয়মিত পণ্যবাহী ট্রাক চালিয়ে যাচ্ছেন। আগামী আগস্টে তিনি ৯৪ বছরে পা দেবেন। এবার বিশ্বের সবচেয়ে বয়স্ক ট্রাকচালক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
অরিন গত ১১ বছর ধরে ‘ম্যাকলাফলিন ফ্রেইট’ কোম্পানিতে কর্মরত। তবে তাঁর ট্রাকচালক জীবনের শুরু হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। এরপর টানা সাত দশক স্টিয়ারিং হাতে কাটিয়ে দিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বয়স্ক ট্রাকচালকের স্বীকৃতি রয়েছে কানসাসের ডয়েল আর্চারের নামে। ২০২৫ সালের ডিসেম্বরে ৯২ বছর বয়সে তিনি এই রেকর্ড গড়েছিলেন।
এবার সেই রেকর্ড ভাঙতে প্রয়োজনীয় কাগজপত্র গিনেস কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে অরিনের কর্মস্থল। সবকিছু ঠিক থাকলে বিশ্বের সবচেয়ে প্রবীণ ট্রাকচালকের নতুন রেকর্ড গড়বেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে অরিন ট্রাক চালিয়ে ৫০ লাখ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছেন। অথচ জীবনের প্রথম দিকে ট্রাক চালানোর কোনো আনুষ্ঠানিক অভিজ্ঞতাই ছিল না তাঁর।
একবার গবাদিপশু পরিবহনের জরুরি দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম ট্রাক চালান অরিন। সেই যাত্রাই বদলে দেয় তাঁর জীবন। এরপর পিটারবিল্ট, ম্যাকসহ নানা ধরনের ভারী ট্রাক চালিয়েছেন তিনি।
আলাস্কা ও হাওয়াই ছাড়া যুক্তরাষ্ট্রের বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ট্রাক চালিয়েছেন অরিন। দীর্ঘ এই সফরে তিনি নানা বিপজ্জনক পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন।
নব্বইয়ের দশকে লস অ্যাঞ্জেলেসের দাঙ্গার সময় তাঁর ট্রাক গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া চোখের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাও দেখেছেন তিনি। তবুও কখনো স্টিয়ারিং ছেড়ে দেননি।
অরিন বলেন, সময়ের সঙ্গে ট্রাক প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে ট্রাকে এসি বা ঘুমানোর ব্যবস্থা ছিল না, এখন আধুনিক প্রযুক্তি চালকদের কাজ অনেক সহজ করে দিয়েছে।
ট্রাক চালানোর পাশাপাশি অরিন গত ২০ বছর ধরে মিডলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বয়সকে হার মানিয়ে তাঁর কর্মস্পৃহা আজ বিশ্বের লাখো মানুষের জন্য এক অনুপ্রেরণার গল্প।





























