ইড্রোজেনচালিত ট্রেন চালুর মাধ্যমে রেল পরিবহনে নতুন এক যুগে প্রবেশ করেছে ভারত। পরিবেশবান্ধব প্রযুক্তির এই ট্রেনে নেই ডিজেল বা পেট্রোলের ব্যবহার। পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতে ট্রেনটি চলবে, যার ফলে কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি থাকবে। সবুজ জ্বালানিনির্ভর এই উদ্যোগকে ভারতের রেলওয়ের অন্যতম বড় প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার হরিয়ানা রাজ্যের জিন্দ রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এটি শুধু একটি নতুন ট্রেন নয়, বরং ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যতের টেকসই যোগাযোগ ব্যবস্থার প্রতীক। তাঁর ভাষায়, এই উদ্যোগ দেশের রেলখাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
ভারতীয় রেলওয়ে বোর্ড চলতি বছরের মে মাসে ট্রেনটির বাণিজ্যিক যাত্রী পরিবহনের অনুমোদন দেয়। প্রাথমিকভাবে ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে চলাচল করবে। প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ এই পথে ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ থেকে ১১০ কিলোমিটার। জিন্দ স্টেশনে নির্মিত বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন থেকেই ট্রেনে জ্বালানি সরবরাহ করা হবে।
এই ট্রেনে রয়েছে ২ হাজার ৪০০ কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন এবং ১০টি কোচ। একসঙ্গে প্রায় ২ হাজার ৬০০ যাত্রী বহনের সক্ষমতা রয়েছে এতে। প্রতিটি পাওয়ার কারে সংযুক্ত করা হয়েছে আধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং নিরাপদ হাইড্রোজেন সংরক্ষণ ব্যবস্থা। এসব প্রযুক্তির সমন্বয়ে ট্রেনটি উচ্চ দক্ষতায় বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা করতে সক্ষম।
নিরাপত্তার বিষয়েও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। ট্রেনে রয়েছে হাইড্রোজেন লিক শনাক্তকারী, আগুন ও শিখা শনাক্তকারী সেন্সর, ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থা এবং তাপমাত্রা পর্যবেক্ষণের আধুনিক প্রযুক্তি। ফলে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।
বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে হাইড্রোজেনচালিত ট্রেন চালু হলেও ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ট্রেন ভবিষ্যতে কালকা-শিমলা রুটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লাইনে চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে পরিবেশবান্ধব রেল পরিবহনে ভারত আরও এক ধাপ এগিয়ে যাবে এবং ভবিষ্যতের টেকসই যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।





























