রাগের সময় অনেকেই না ভেবেই কাছের মানুষকে কটু কথা বলে ফেলেন। পরে রাগ কমলে সেই কথার জন্য আফসোস হয়। রাগ হওয়া স্বাভাবিক হলেও রাগের সময় কীভাবে নিজেকে সামলাচ্ছেন, সেটাই গুরুত্বপূর্ণ। কিছু সহজ অভ্যাস করলে রাগের মুহূর্তে ভুল কথা বলা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।
ছোটখাটো বিষয়, মানসিক চাপ, পারিবারিক সমস্যা, ঘুমের অভাব বা দীর্ঘদিনের হতাশা থেকেও রাগ বাড়তে পারে। আবার কারও ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ঘটনা বা কথাই বারবার রাগের কারণ হয়। তাই নিজের রাগের কারণগুলো বোঝার চেষ্টা করাও জরুরি।
রাগ উঠলে একটু চুপ থাকুন
রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকুন। বেশি রাগ হলে যার সঙ্গে কথা বলছেন, তাকে জানিয়ে কিছু সময় পরে কথা বলতে পারেন। এতে উত্তেজনার মধ্যে এমন কিছু বলে ফেলার আশঙ্কা কমে, যা পরে আপনাকে বিব্রত করবে।
কয়েকবার ধীরে শ্বাস নিন
রাগের সময় দ্রুত শ্বাস নেওয়া বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো পরিবর্তন হতে পারে। তখন ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। কয়েকবার এভাবে শ্বাস নেওয়ার দিকে মনোযোগ দিলে নিজেকে কিছুটা শান্ত করার সুযোগ পাওয়া যায়।
কথার ধরন বদলান
রাগের সময় ‘তুমি সব সময় এমন করো’ বা ‘তোমার জন্যই সব সমস্যা’—এ ধরনের কথা না বলাই ভালো। এর বদলে নিজের অনুভূতির কথা বলুন। যেমন, ‘তোমার কথায় আমি কষ্ট পেয়েছি।’ এতে ঝগড়া আরও বাড়ার সম্ভাবনা কম থাকে।
প্রয়োজনে জায়গা পরিবর্তন করুন
পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে গেলে কিছু সময়ের জন্য সেই জায়গা থেকে সরে যেতে পারেন। একটু হাঁটাহাঁটি করা, পানি পান করা বা শান্ত জায়গায় বসে থাকা মনকে অন্যদিকে নিতে সাহায্য করতে পারে। তবে সমস্যা এড়িয়ে না গিয়ে পরে শান্তভাবে বিষয়টি নিয়ে কথা বলা দরকার।
রাগের কারণ লিখে রাখুন
কোন বিষয়গুলোতে আপনার বেশি রাগ হয়, সেগুলো লিখে রাখতে পারেন। কয়েকদিন পর সেগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন কোন পরিস্থিতিতে আপনার রাগ বেশি বাড়ে। কারণটি আগে থেকে বুঝতে পারলে পরেরবার একই পরিস্থিতিতে নিজেকে সামলানো সহজ হতে পারে।
ঘুম ও বিশ্রামের দিকে নজর দিন
পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খারাপ ও বিরক্তি বাড়তে পারে। দীর্ঘদিনের মানসিক চাপও রাগ বাড়াতে পারে। তাই নিয়মিত ঘুম, শরীরচর্চা, পুষ্টিকর খাবার এবং বিশ্রামের জন্য সময় রাখা জরুরি।
রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের কারণে অন্যকে কষ্ট দেওয়া বা সম্পর্ক নষ্ট করা উচিত নয়। তাই রাগের সময় কিছুক্ষণ থেমে যাওয়া, ধীরে শ্বাস নেওয়া এবং পরে শান্তভাবে কথা বলার অভ্যাস করুন। এতে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হতে পারে।
যদি প্রায়ই রাগের কারণে পরিবার, বন্ধুত্ব বা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। রাগের সময় নিজেকে বা অন্যকে আঘাত করার ইচ্ছা হলে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া প্রয়োজন। কারণ প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং রাগ নিয়ন্ত্রণের উপায় শিখতে সাহায্য করতে পারে।


























