সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) থেকে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং ব্যবসার রেকর্ড–সংক্রান্ত তথ্য এফবিআই দুদকের কাছে পাঠিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠিয়েছিল দুদক।
এমএলএআরের মাধ্যমে তদন্ত বা বিচারকাজে প্রয়োজনীয় তথ্য, নথি সংগ্রহ কিংবা সম্পদ জব্দের জন্য অন্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়। দুদকের অনুরোধের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তায় এফবিআই থেকে তথ্য পাওয়া গেছে বলে জানান আকতারুল ইসলাম।
তবে এফবিআইয়ের পাঠানো প্রতিবেদনে ঠিক কী ধরনের তথ্য রয়েছে, কত সম্পদ শনাক্ত হয়েছে কিংবা যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ ইতিমধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দুদক। যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের মূল্য সম্পর্কেও এখনই কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দুদক জানিয়েছে, পরবর্তী সময়ে তথ্য পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাত দেশে থাকা প্রায় ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সম্পত্তির ক্রয়মূল্য প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা দেখানো হয়েছিল।
এদিকে বিদেশে থাকা অন্যান্য সম্পদ নিয়েও দুদকের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম ও ওয়ান প্রপার্টি লিমিটেডের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষ আইনি সহায়তার অনুরোধ বাস্তবায়নের তথ্য দিয়েছে। অন্যদিকে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।




























