ধূমপান বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম বড় কারণ হিসেবে বিবেচিত হয়। চিকিৎসকদের মতে, এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া সহজ নয়, তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য ধরে এগোলে তা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ ধূমপান ছেড়ে দেওয়ার পরিবর্তে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করলে অনেকের ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়। পাশাপাশি কিছু সহজ কৌশল অনুসরণ করলে ধূমপানের প্রতি আকর্ষণও কমে আসতে পারে।
তামাকজাত পণ্যের নিয়মিত ব্যবহার হৃদ্রোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ এবং বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, উচ্চ রক্তচাপ, রক্তনালির ক্ষতি এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যার সঙ্গেও ধূমপানের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে যত দ্রুত এই অভ্যাস ত্যাগ করা যায়, তত দ্রুত শরীর সুস্থ হওয়ার সুযোগ পায়।
বিশেষজ্ঞদের মতে, ধূমপান ছাড়ার প্রথম ধাপ হলো নিজের অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া। প্রতিদিন কতটি সিগারেট খাওয়া হচ্ছে, কোন পরিস্থিতিতে ধূমপানের ইচ্ছা বেশি হয়—এসব বিষয় খেয়াল রেখে ধীরে ধীরে সংখ্যা কমানো উচিত। একবারে পুরোপুরি ছাড়তে না পারলেও নিয়মিত কমানোর চেষ্টা দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ধূমপান ছাড়তে কার্যকর চারটি উপায় হলো—
১. চকলেট বা চুইংগাম খেতে পারেন
হঠাৎ সিগারেট খাওয়ার তীব্র ইচ্ছা হলে চকলেট বা সুগার-ফ্রি চুইংগাম খেলে মনোযোগ অন্যদিকে সরে যায়। এতে ধূমপানের আকাঙ্ক্ষা কিছুটা কমতে পারে।
২. চা, কফি ও মদ্যপান সীমিত করুন
অনেকের ক্ষেত্রে চা, কফি বা মদ্যপানের সঙ্গে ধূমপানের অভ্যাস জড়িয়ে থাকে। তাই ধূমপান ছাড়ার সময় এসব পানীয় কমিয়ে দিলে বা এড়িয়ে চললে সিগারেটের প্রতি আগ্রহও কমতে পারে।
৩. মানসিক সহায়তা নিন
ধূমপান ছাড়ার সময় মানসিক চাপ ও অস্থিরতা স্বাভাবিক। এ সময় পরিবার-বন্ধুদের সহযোগিতা, কাউন্সেলিং বা গ্রুপ থেরাপি অনেকের জন্য কার্যকর হতে পারে।
৪. চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করুন
নিকোটিনের আসক্তি বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা নন-নিকোটিন ওষুধ ব্যবহার করা যেতে পারে। নিজে থেকে ওষুধ সেবন না করাই নিরাপদ।
বিশেষজ্ঞরা আরও বলেন, ধূমপান ছাড়ার পর আবার পুরোনো অভ্যাসে ফিরে গেলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাই সিদ্ধান্তে অটল থাকা, নিয়মিত শরীরচর্চা করা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখা ধূমপানমুক্ত জীবন ধরে রাখতে সহায়তা করে। ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টাই এই যাত্রায় সবচেয়ে বড় শক্তি।




























